সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

জাপানের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল নেদারল্যান্ডস। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে ডাচরা।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এফ’-এর ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় নেদারল্যান্ডস। ম্যাচের প্রথম ১৭ মিনিটেই জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড ব্রায়ান ব্রবি।
পঞ্চম মিনিটে কোডি গাকপোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রবি। এরপর ১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি।
প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া সুইডেন বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আরও বড় ধাক্কা খায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোডি গাকপো জোড়া গোল করে ম্যাচের ভাগ্য প্রায় নিশ্চিত করে দেন।
৪৭ মিনিটে ডামফ্রিসের পাস থেকে গোল করেন গাকপো। এরপর ৫৪ মিনিটে ক্রিসেনসিও সামারভিলের সহায়তায় নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
৫৯ মিনিটে আলেক্সান্ডার ইসাকের পাস থেকে গোল করে ব্যবধান কমান অ্যান্থনি এলেঙ্গা। তবে সেটিই ছিল সুইডেনের একমাত্র সান্ত্বনার গোল।
ম্যাচের শেষদিকে নিজের নামও গোলদাতার তালিকায় তোলেন সামারভিল। বদলি হিসেবে নেমে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। মেম্ফিস ডিপাইয়ের পাস ধরে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জালের দেখা পান এই উইঙ্গার।
গোলরক্ষক বার্ট ভারব্রুগেনও ছিলেন ডাচ জয়ের অন্যতম নায়ক। ২৩ বছর বয়সী এই গোলরক্ষক পুরো ম্যাচে সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে সুইডেনকে আরও কয়েকটি গোল থেকে বঞ্চিত করেন।
এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। অন্যদিকে বড় ব্যবধানে হেরে চাপে পড়েছে সুইডেন।
ভিওডি বাংলা/আ







