শেষ মুহূর্তের গোলে জার্মানির জয়, নিশ্চিত নকআউট পর্ব

দীর্ঘ সময় পিছিয়ে থাকার হতাশা, দুটি গোল বাতিল এবং একের পর এক সুযোগ নষ্টের পর শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। টরোন্টো স্টেডিয়ামে এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল জার্মানদের। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় এগিয়ে যেতে পারেনি তারা। ২৩তম মিনিটে আলেক্সান্ডার পাভলোভিচের হেড জালে জড়ালেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে গোলটি বাতিল হয়।
এরপর ৩০তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় আইভরিকোস্ট। বক্সের ভেতরে ফিরতি বল পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ফ্রাঙ্ক কেসি।
প্রথমার্ধের শেষদিকে কাই হ্যাভার্টজ বল জালে পাঠিয়ে সমতা ফেরালেও ভিএআর পর্যালোচনায় গোলটি বাতিল হয়। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।
দ্বিতীয়ার্ধে সমতার জন্য মরিয়া হয়ে ওঠে জুলিয়ান নাগেলসমানের দল। একের পর এক আক্রমণের পর ৬৮তম মিনিটে বদলি খেলোয়াড়দের সমন্বয়ে আসে কাঙ্ক্ষিত গোল। নাদিয়েম আমিরির ক্রস থেকে ডেনিজ উনদাভ গোল করে ম্যাচে সমতা ফেরান।
গোলের পর ম্যাচে উত্তেজনা আরও বেড়ে যায়। দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালায়। ৮৯তম মিনিটে সিমন আদিংরা আইভরিকোস্টকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে নায়ক হয়ে ওঠেন উনদাভ। ফেলিক্স এনমেচার পাস পেয়ে বক্সের ভেতরে চমৎকার টার্ন নিয়ে জোরালো শটে বল জালে জড়িয়ে জার্মানিকে ২-১ ব্যবধানের নাটকীয় জয় এনে দেন তিনি।
এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল জার্মানি।
ভিওডি বাংলা/আ







