৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বুয়েটের শামীম

৪৭তম বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী শামীম আল মামুন। তার এ অর্জনে নিজ এলাকা ও পরিচিত মহলে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
জানা গেছে, শামীম আল মামুনের শিক্ষাজীবনের শুরু বেড়ী পটল আদর্শ উচ্চ বিদ্যালয়ে। পরে তিনি রাজশাহী ক্যাডেট কলেজে অধ্যয়ন করেন। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। শিক্ষাজীবনের বিভিন্ন ধাপে মেধা ও শৃঙ্খলার পরিচয় দিয়ে তিনি এবার ৪৭তম বিসিএসে ‘পররাষ্ট্র ক্যাডারে’ সুপারিশপ্রাপ্ত হয়ে নতুন সাফল্য যোগ করলেন।
স্থানীয়রা জানান, ছাত্রজীবন থেকেই শামীম ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তার এই অর্জনে পরিবার, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে শুভকামনা প্রকাশ করছেন।
এলাকার বাসিন্দাদের মতে, ক্যাডেট কলেজের শৃঙ্খলা ও বুয়েটের একাডেমিক দক্ষতার সমন্বয় ঘটিয়ে শামীম দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ক্যাডারে নিজের অবস্থান তৈরি করেছেন। তার এই সাফল্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন তারা।
পররাষ্ট্র ক্যাডারে যোগদানের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শামীম আল মামুন। তার দায়িত্বশীল ও সফল কর্মজীবন কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।
ভিওডি বাংলা/জা








মন্তব্য