ট্রাকচালক হত্যা
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে মো. হোসেন নামে এক ট্রাকচালককে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৩ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
রোববার (২৬ জুলাই) শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। এ সময় কারাগারে থাকা পলককে আদালতে হাজির করা হয়।
পলকের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, এ মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ফুরকান হোসেন আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ চার্জ গঠন শুনানি পেছানোর আবেদন করে। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরাও সময় চান। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ১৩ আগস্ট শুনানির দিন ধার্য করেন।
তিনি আরও বলেন, এ মামলায় ৩৪ জন আসামির মধ্যে পলকসহ চারজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা ৮ আসামিও আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
মামলার অন্য আসামিরা হলেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূঁইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি এবং নাইমুল হাসান রাসেল।
আসামিদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান বর্তমানে কারাগারে রয়েছেন।
ভিওডি বাংলা/এফএ









মন্তব্য