বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
দেশের জেলা ও মহানগর পর্যায়ে কোচ নিয়োগে বড় ধরনের সংকটে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৬১টি পদের বিপরীতে ২১৮ জন আবেদন করলেও প্রাথমিক মূল্যায়নে উত্তীর্ণ হতে পেরেছেন মাত্র ২০ জনের মতো। ফলে প্রথম ধাপেই অধিকাংশ পদ শূন্য থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি পদে কোচ নিয়োগের লক্ষ্যে গত ২২ থেকে ২৪ জুলাই লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার পূর্ণমান ছিল ৪০।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ৩৮ জনকে উত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হলেও তাদের মধ্যে প্রায় ২০ জন নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত পূরণ করতে পারেননি। যাচাই-বাছাই শেষে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীর সংখ্যা ১৮ থেকে ২০ জনে নেমে আসতে পারে। সে ক্ষেত্রে ৬১টি পদের এক-তৃতীয়াংশও পূরণ করা সম্ভব হবে না।
পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ আবেদনকারীই নির্ধারিত মান অর্জনে ব্যর্থ হয়েছেন। প্রায় ১৮০ জন প্রার্থী কোনো ধাপেই উত্তীর্ণ হতে পারেননি। এমনকি কয়েকজন প্রায় ফাঁকা উত্তরপত্র জমা দিয়েছেন বলেও জানা গেছে। ব্যবহারিক পরীক্ষায়ও অনেকের দক্ষতা সন্তোষজনক ছিল না।
নিয়োগের জন্য আবেদনকারীদের প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা অথবা অন্তত লেভেল-১ কোচিং সনদ থাকা বাধ্যতামূলক ছিল। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হওয়ার শর্তও রাখা হয়েছিল। তবে ২১৮ জন আবেদনকারীর মধ্যে মাত্র ৯০ জন এই প্রাথমিক যোগ্যতা পূরণ করেছিলেন। এরপরও সব আবেদনকারীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
এ সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক পরিচয় ও সুপারিশের ভিত্তিতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে। তবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সহসভাপতি সাকিফ আহমেদ অভিযোগ নাকচ করে বলেন, নির্ধারিত যোগ্যতা পূরণকারী আবেদনকারীর সংখ্যা পর্যাপ্ত না থাকায় সবাইকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।
সার্বিক মূল্যায়নের পর শেষ পর্যন্ত প্রায় ২০ জনকে নিয়োগের উপযুক্ত হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রত্যাশিত মানের প্রার্থী না পাওয়ায় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা করছে বিসিবি। গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ফাহিম সিনহার পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে যোগ্য বিবেচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। বাকি পদগুলো পূরণে কিছু যোগ্যতার শর্ত শিথিল করে পুনরায় আবেদন আহ্বান করা হতে পারে। তবে নিয়োগের ক্ষেত্রে ক্রিকেট-সংক্রান্ত জ্ঞান ও কারিগরি দক্ষতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য