• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পেলেন ৯ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৯:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় আটক থাকা আরও ৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির বিশেষ মধ্যস্থতায় তাদের নিরাপদে গাজায় ফিরিয়ে আনা হয়।

রোববার (৫ জুলাই) করম আবু সালেম সীমান্ত দিয়ে মুক্তিপ্রাপ্ত এই ৯ জনকে গ্রহণ করে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) পরে তাদের গাজার আল আকসা মার্টারস হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিতে সহায়তা করে সংস্থাটি। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

এক বিবৃতিতে আইসিআরসি জানায়, এটি কোনো নতুন ঘটনা নয়। ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত তারা একই মানবিক প্রক্রিয়ার আওতায় ২ হাজার ৫০০ জনেরও বেশি মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিকে গাজায় নিরাপদে স্থানান্তরে সরাসরি সহায়তা করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলি কারাগারে থাকা অবস্থায় অমানবিক শারীরিক নির্যাতনের শিকার হওয়ায় অতীতে দেশে ফেরা অনেক বন্দির জরুরি চিকিৎসার প্রয়োজন হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বর্তমানে ইসরায়েল এর কারাগারে হাজার হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের বড় একটি অংশকে ২০০২ সালের ইসরায়েলি ‘অবৈধ যোদ্ধা’ আইনের বিতর্কিত ধারায় আটক করা হয়েছে। এই আইন অনুযায়ী, নির্দিষ্ট কোনো অপরাধের সুস্পষ্ট প্রমাণ ছাড়াই কাউকে আটক রাখা সম্ভব। কেবলমাত্র হামাসের মতো ‘অবৈধ’ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহের ভিত্তিতেই বহু ফিলিস্তিনিকে আটক রাখা হয়েছে।

উদ্বেগ প্রকাশ করে আইসিআরসি জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে তারা ইসরায়েলের বিভিন্ন ডিটেনশন সেন্টার ও কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাচ্ছে না। কর্তৃপক্ষ তাদের প্রবেশাধিকার না দেওয়ায় বন্দিদের বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পুনরায় নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি আরও জানায়, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সব পক্ষেরই দায়িত্ব হলো বন্দিদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা, পর্যাপ্ত সুবিধা ও উপযুক্ত পরিবেশ বজায় রাখা এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ দেওয়া।

আইসিআরসি আরও সতর্ক করে বলেছে, বন্দিশালায় থাকা স্বজনদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি পরিবার। তারা এখনো তাদের প্রিয়জনদের খবরের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে সব ফিলিস্তিনি বন্দির সঙ্গে পুনরায় সাক্ষাতের ব্যবস্থা চালুর জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে সংস্থাটি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খামেনির জানাজায় কূটনৈতিক বার্তা তেহরানের
ছবি : সংগৃহীত
পর্যটকদের আকৃষ্টে ভিসানীতিতে বড় পরিবর্তন
খামেনির জানাজা সম্পন্ন
খামেনির জানাজা সম্পন্ন, অংশ নিয়েছেন ৩ ছেলে