• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিগগিরই চালু হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ০৩:২৮ পি.এম.
কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত
কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জাদুঘরের জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনের তারিখসহ বিস্তারিত তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে।

শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোতে পারেনি। তবে বর্তমান সরকার নতুন ব্যবস্থাপনায় প্রকল্পটির কার্যক্রম পুনর্গঠন করেছে। সংসদেও এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। জাদুঘরের আধুনিকায়ন, প্রত্নতাত্ত্বিক স্থাপনার সংরক্ষণ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, অতীতের নানা অব্যবস্থাপনার কারণে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ব্যাংক ও বীমা খাতেও অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

পরিদর্শনের সময় সংস্কৃতিমন্ত্রী ময়নামতি জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। পাশাপাশি শালবন বিহারের সংরক্ষণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নিখোঁজের ২৪ ঘণ্টা পর বকুলের মরদেহ উদ্ধার
ছবি: ভিওডি বাংলা
খাগড়াছড়িতে পানিবন্দি মানুষের পাশে আনসার ও হিল ভিডিপি
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯