চলন্ত বাসেই নারী যাত্রীকে হেনস্তার অভিযোগ, ভিডিও ভাইরাল

চলন্ত বাসে নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হলেও ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে সরকারি বাস পরিষেবা দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডিটিসি) পরিচালিত একটি বাসে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গণপরিবহণে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক নারী যাত্রী বাসচালকের আসনের পাশে দাঁড়িয়ে রয়েছেন। এ সময় চালক তাকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। তবে ওই নারী কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সেখান থেকে কিছুটা সরে দাঁড়ান।
বাসে থাকা এক যাত্রী নিজের মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়।
ভিডিওটি দেখার পর অনেক ইন্টারনেট ব্যবহারকারী মন্তব্য করেছেন, ঘটনাটি সত্য হলে সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতিতে নারীদের প্রতিবাদ করারও আহ্বান জানিয়েছেন কেউ কেউ।
অন্যদিকে, অনেক নেটিজেনের দাবি, ভিডিও ধারণ করার পরিবর্তে ঘটনাস্থলেই ওই যাত্রীর প্রতিবাদ করা উচিত ছিল।
তবে ভাইরাল ভিডিওটি নিয়ে এখন পর্যন্ত দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডিটিসি) কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। পাশাপাশি ভিডিওটির সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য