পার্বত্য অঞ্চলে দুর্নীতি-অনিয়ম আর হবে না: মীর হেলাল

ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, পার্বত্য তিন জেলায় দুর্নীতি, অনিয়ম, লুটপাট ও অবহেলার পুনরাবৃত্তি বর্তমান সরকার হতে দেবে না।
শনিবার (২৭ জুন) ‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’ প্রতিপাদ্যে আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন প্রকল্পের নামে পার্বত্য অঞ্চলে বাস্তবসম্মত উন্নয়নের পরিবর্তে ছোট ছোট নামমাত্র প্রকল্প নেওয়া হয়েছিল। ভবিষ্যতে গবেষণালব্ধ তথ্য ও বাস্তব প্রয়োজনের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে এবং দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাহাড় ও সমতলের মানুষের সমন্বয়ে পার্বত্য অঞ্চলের জীবনমান উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রতিটি উপজেলায় নারীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি স্কুলগামী কন্যাশিক্ষার্থী, প্রসূতি মা ও বয়স্কদের ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগের কথাও বলেন তিনি।
শিক্ষা খাতে ই-লার্নিং ব্যবস্থা চালুর মাধ্যমে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দুর্গম এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে সারফেস ওয়াটার ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাহাড়ি কৃষকদের উৎপাদিত ফল সংরক্ষণে পরিবেশবান্ধব মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ, অবিক্রিত ফল প্রক্রিয়াজাত করে ড্রাই ফুড উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে বিপণনের পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া কফি চাষে প্রণোদনা, জুমচাষিদের প্রশিক্ষণ, পাহাড়ি পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ডিং এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ইকো-ট্যুরিজম উন্নয়নের উদ্যোগের কথাও উল্লেখ করেন।
এ সময় তিনি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে মাল্টিপারপাস ক্রীড়া ও সংস্কৃতি কেন্দ্র, তথ্য কমপ্লেক্স, ডরমেটরি এবং রাঙামাটিতে একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনার কথাও জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। এতে তিন পার্বত্য জেলার সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ মেলায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ৩০টি স্টলে পাহাড়ি বিভিন্ন মৌসুমি ও দেশীয় ফল প্রদর্শন করা হচ্ছে। আগামী ২৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা।
ভিওডি বাংলা/সবুজ/আ








মন্তব্য