কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

ক্রিকেট বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় ঘটল। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স ৮৯ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক শোকবার্তায় এই কিংবদন্তির মৃত্যুর বিষয়টি জানায়। তার বিদায়ে বিশ্ব ক্রিকেট হারাল এমন এক তারকাকে, যার অলরাউন্ড নৈপুণ্য এখনো অনন্য বলে বিবেচিত হয়।
১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত টানা দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। ৫৭ দশমিক ৭৮ গড়ে তিনি করেছেন ৮ হাজার ৩২ রান এবং নিয়েছেন ২৩৫টি উইকেট। বাঁহাতি ব্যাটার হিসেবে যেমন ছিলেন দুর্দান্ত, তেমনি বাঁহাতি অর্থোডক্স স্পিন ও রিস্ট স্পিনে সমান দক্ষ ছিলেন তিনি। পাশাপাশি অসাধারণ ফিল্ডিং ও ক্লোজ ইন ক্যাচিংয়ের জন্যও তিনি ছিলেন সমাদৃত।
ক্রিকেট ইতিহাসে সোবার্সের নাম অমর হয়ে আছে একাধিক কীর্তিতে। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলে তিনি লেন হাটনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের বিশ্বরেকর্ড গড়েন। সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল টানা ৩৬ বছর। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকানোর কীর্তিও প্রথম গড়েন তিনি। নটিংহামশায়ারের হয়ে ম্যালকম ন্যাশের এক ওভারে তার ছয় ছক্কার সেই ঘটনা আজও ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়।
শুধু ক্রিকেটেই নয়, নিজ দেশ বার্বাডোজের হয়ে ফুটবল, বাস্কেটবল ও গলফেও প্রতিনিধিত্ব করেছিলেন সোবার্স। অসাধারণ ক্রীড়া নৈপুণ্য ও বহুমুখী প্রতিভার জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসিত ছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতি বছর বর্ষসেরা ক্রিকেটারকে যে ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ প্রদান করে, সেটিও তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ শোকবার্তায় বলেছে, ‘একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে আপনি আছেন এবং চিরকাল থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।’
ক্রিকেটে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৫ সালে তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেট হারাল ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারকে। শোকের ছায়া নেমে এসেছে গোটা ক্রীড়াঙ্গনে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য