পুরান ঢাকায় গুদামে বিস্ফোরণ, নিহত ১

পুরান ঢাকার বংশালের মুকিম বাজারে মোটরসাইকেলের যন্ত্রাংশের একটি গুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন তাঁর মামাতো ভাই। প্রাথমিকভাবে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের আশঙ্কা করছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বংশালের মুকিম বাজার এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন মোটরসাইকেলের যন্ত্রাংশ ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৫)। দগ্ধ হয়েছেন তাঁর মামাতো ভাই নাজমুল হোসেন (৩৩)।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকাজে অংশ নেওয়া দোকানকর্মী হামিদুল জানান, ভবনের নিচতলায় দেলোয়ারের ‘বাইক পার্টস সেন্টার’ এর গুদাম ছিল। তিনি পরিবার নিয়ে ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন। ভোরে নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে দেলোয়ার তাঁর মামাতো ভাই নাজমুলকে সঙ্গে নিয়ে নিচে নামেন। সেখানে পৌঁছানোর পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং নিচতলার একটি দেয়াল ধসে যায়। এতে দেয়ালের নিচে চাপা পড়ে দেলোয়ার গুরুতর আহত হন। নাজমুলও আগুনে দগ্ধ হন।
হামিদুল আরও জানান, ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে দুজনকে উদ্ধার করেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। নাজমুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামের ভেতরে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে ছিল। দরজা খোলার পর কোনোভাবে সেই গ্যাসে বিস্ফোরণ ঘটে এবং আগুন লাগে। এ ঘটনায় একজন নিহত ও একজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।"
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, "ফায়ার সার্ভিস সদর দপ্তরের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।"
নিহত দেলোয়ার হোসেন মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মুকিম বাজার জামে মসজিদের পাশে ছিল তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান। তাঁর গ্রামের বাড়ি যশোরের বেনাপোল এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, দেলোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য