নরসিংদীতে বৃদ্ধা হত্যা: পাঁচ আসামির তিন দিনের রিমান্ড

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ওয়াহিদা বেগম ওরফে ববি বেগম হত্যা ও টাকা লুটের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১২ জুলাই) দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
রেলওয়ে পুলিশ জানায়, গত ৬ জুলাই রাতে ভৈরব রেলওয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হামলা ও লুটের অভিযোগে মামলা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই ওয়াহিদা বেগমের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
পরে যৌথ অভিযানে ভৈরব রেলওয়ে পুলিশ, র্যাব-১১ এবং রেলওয়ে গোয়েন্দা শাখা মেথিকান্দা রেলস্টেশন ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন— দ্বীন ইসলাম (২৬), রিফাত মিয়া (২০), বিল্লাল মিয়া (২৫), সাকিব মিয়া (২৩) ও ইলিয়াছ মিয়া (৩৫)।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাঈদ আহমেদ জানান, পাঁচ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলেও আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ৪ জুলাই দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন মেথিকান্দা রেলস্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম। চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই তার মৃত্যু হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশের পর স্বজনরা তাকে শনাক্ত করেন। তারা জানান, ববি বেগমের প্রকৃত নাম ওয়াহিদা বেগম। তার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের ঘোন সাগাটিয়া গ্রামে। পারিবারিক বিরোধের জেরে প্রায় ২২ থেকে ২৩ বছর আগে তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং এরপর আর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি।
স্বজন না থাকায় প্রথমে তার মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের উদ্যোগ নেওয়া হলেও পরে স্থানীয় মানুষের অনুরোধে প্রশাসন, পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় মেথিকান্দা রেলস্টেশনসংলগ্ন সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ভিওডি বাংলা/আ








মন্তব্য