১০৬ বছরে প্রাচ্যের অক্সফোর্ড

আজ ১ জুলাই ২০২৬, প্রতিষ্ঠার ১০৬ বছরে পা দিলো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ১৯২১ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। দিবসটি উদযাপনে নানা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি।
এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় দিবসটি উদযাপনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দিবস উদযাপন উপলক্ষে গঠিত বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও ঢাবি উপাচার্যের শুভেচ্ছা
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের। এ উপলক্ষ্যে আমি সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
শুভেচ্ছা বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, ‘১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, মুক্তবুদ্ধির চর্চা এবং প্রগতির অন্যতম প্রধান বাতিঘর হিসেবে ভূমিকা রেখে আসছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগ ও নেতৃত্ব জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
এছাড়া এক শুভেচ্ছা বার্তায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন এবং অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে নানা কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রাসহ স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের পতাকা উত্তোলন এবং কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
এ সময় জাতীয় সংগীত, বিশ্ববিদ্যালয়ের থিম সং, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত এবং বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ সংগীত পরিবেশিত হবে।
এরপর সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।
এদিকে দিবসটি উপলক্ষে বিকাল ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। আলোচনায় অংশ নেবেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
ক্যাম্পাসে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ
নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আজ দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগীবাহী যান, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার ও অনলাইন ডেলিভারি এবং অন্যান্য জরুরি সরকারি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাই কোর্ট মোড় পর্যন্ত সড়ক উন্মুক্ত থাকবে।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য