চট্টগ্রামে দুর্গতদের পাশে সরকার, সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

টানা বর্ষণে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে এবং কাউকে সহায়তাবঞ্চিত রাখা হবে না বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
বুধবার (৮ জুলাই) বিকেলে চট্টগ্রামের বন্যা ও পাহাড়ধসপ্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এর আগে একই দিন বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় তার কার্যালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগ পরিস্থিতির সার্বিক খোঁজখবর নেন তিনি এবং প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা করতে বিশেষ গুরুত্বারোপ করেন। কঠিন এ পরিস্থিতিতে দেশবাসীর প্রতি ধৈর্য ধারণের আহ্বানও জানান তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রামে পৌঁছে দিনব্যাপী বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা এবং হাটহাজারী উপজেলায় ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাত ৯টায় হাটহাজারী পৌরসভার ৩ নম্বর আজিমপুর ওয়ার্ডে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এর আগে রাত সাড়ে ৮টায় হাটহাজারী উপজেলার মেখলস্থ ইছাপুর এলাকায় দুর্গতদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।
রাত সাড়ে ৭টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী এলাকার খিল্লাপাড়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী। এরও আগে রাত ৭টায় চট্টগ্রামের জালালাবাদের বটতলা এলাকায় জলাবদ্ধতা ও প্লাবিত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি সহায়তার বার্তা পৌঁছে দেন।
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকার পাহাড়ে সৃষ্ট ফাটল পরিদর্শন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
এদিকে, কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় জলাবদ্ধতা সৃষ্টি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
গত রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন, জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় তরুণ সমাজকে সমন্বিতভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য