গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং
বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং এখন ভারতীয় সিনেমার পরিচিত মুখ। তবে অভিনয়জগতে তার যাত্রা কোনো পরিকল্পনার অংশ ছিল না। মাত্র ৫ লাখ রুপি পারিশ্রমিক পাওয়ার সুযোগ এবং নিজের টাকায় প্রথম গাড়ি কেনার ইচ্ছাই তাকে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড় করিয়েছিল।
সম্প্রতি নিজের অভিনয়জীবনের শুরুর গল্প তুলে ধরে রাকুল জানান, তখন তিনি কলেজের প্রথম বর্ষে গণিত বিষয়ে পড়াশোনা করছিলেন। পোর্টফোলিওর জন্য ছবি তোলার মাত্র তিন দিনের মধ্যেই একটি কন্নড় চলচ্চিত্রের নির্মাতা দল তার বাবার সঙ্গে যোগাযোগ করে অভিনয়ের প্রস্তাব দেয়।
অভিনেত্রীর ভাষ্য, সে সময় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। কারণ পড়াশোনার পাশাপাশি সিনেমায় অভিনয় করবেন কি না, তা নিয়ে বেশ দ্বিধায় ছিলেন।
রাকুল জানান, ওই সিনেমার জন্য তাকে ৫ লাখ রুপি পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছিল। আর সেই অর্থ দিয়েই বন্ধুদের মধ্যে সবার আগে নিজের টাকায় একটি গাড়ি কেনার স্বপ্ন দেখেছিলেন তিনি।
তিনি বলেন, তার মাথায় তখন একটাই চিন্তা ছিল, যদি এই টাকা পান, তাহলে বন্ধুদের মধ্যে তিনিই প্রথম নিজের উপার্জনে গাড়ি কিনতে পারবেন। সেই ভাবনা থেকেই শেষ পর্যন্ত সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাবে সম্মতি দেন।
তবে শুধুই গাড়ি কেনার স্বপ্ন নয়, প্রথম চলচ্চিত্রের অভিজ্ঞতাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। টানা ৪০ দিন কন্নড় সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার পর তিনি উপলব্ধি করেন, অভিনয়ই তার প্রকৃত ভালোবাসার জায়গা।
তবে অভিনয়ের টানে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেননি রাকুল। প্রথমে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ২০১৩ সালে পূর্ণকালীন পেশাদার অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রজীবনে নতুন অধ্যায় শুরু করেন।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য