বন্যায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই জেলাগুলোর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আলিম ও এইচএসসি বিএমটি পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। একই সিদ্ধান্ত এসব জেলার মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটি পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য।
তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বাকি জেলার নির্ধারিত পরীক্ষাগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে পুরো অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটে। এর মধ্যে ৭ জুলাই জেলায় গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়।
এদিকে, ৫ জুলাই থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অব্যাহত বর্ষণে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা প্লাবিত হয়েছে। একই সঙ্গে পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য