সিসিটিভি বিশ্লেষণে রহস্য উদ্ঘাটন
অটোরিকশা চালক হত্যা মামলায় তিন ছিনতাইকারী আটক

রাজধানীতে অটোরিকশা চালককে অজ্ঞান করে হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞানপার্টি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, অপরাধে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মো. মানিক সরদার (৫২) এবং মো. লিটন (৫০)।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন ভোর আনুমানিক ৪টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে ওয়ারী থানাধীন নবাবপুর রোড এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত ২ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে ওয়ারী থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে। পরে বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ এবং ডিএমপির লালবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা যাত্রী সেজে অটোরিকশা চালকদের অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই করত বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি বুধবার বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।
ভিওডি বাংলা/শি পা/জা








মন্তব্য