• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবেক বিমানমন্ত্রী ফারুক খানসহ ৪ জন রিমান্ডে

   ৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পি.এম.

আদালত প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে শামীম নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানসহ চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ৮ ডিসেম্বর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া অন্য আসামিরা হলেন- সাবেক এমপি সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

এদিন কারাগারে থাকা এ আসামিদের গ্রেপ্তার দেখানোসহ পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। প্রথমে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগেও তাদের বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মামলা থেকে জানা যায়, গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন কিশোর শামীম। এ সময় আসামিদের ছোঁড়া গুলিতে নিহত হয় কিশোর শামীম। 

ওই ঘটনায় বাদী হয়ে ধানমন্ডি থানায় নিহত শামীমের মা জাহানারা বেগম শেখ হাসিনাসহ ১২৮ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মামলায় ১০০/১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
ট্রাইব্যুনালে অভিযোগ ২২৭৬ জনকে হত্যা ও গুমের তদন্ত চাইল বিএনপি
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যশোরে সাবেক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না