শিশু ও জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি পরিচালিত ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বুধবার (২১ এপ্রিল) রাজধানীর লালবাগ ও নয়াবাজার এলাকায় অবস্থিত হাসপাতাল দুটি পরিদর্শন করেন তিনি।
রাজধানীর লালবাগ এলাকায় অবস্থিত ১০০ শয্যা বিশিষ্ট ঢাকা মহানগর শিশু হাসপাতালটিতে স্বল্প মূল্যে শিশুদের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। অন্যদিকে, নয়াবাজার এলাকায় অবস্থিত ১৫০ শয্যা বিশিষ্ট ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে দিন-রাত ২৪ ঘণ্টা নরমাল ডেলিভারি ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।
পরিদর্শনকালে প্রশাসক হাসপাতাল দুটির বিদ্যমান স্বাস্থ্যসেবা প্রদানের পদ্ধতি ও বিভিন্ন চ্যালেঞ্জ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সেবার মান সম্পর্কে মতামত নেন।
পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে জনস্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, নগরবাসীর জন্য আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/খতিব/এমএস







