হামে শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখছে সরকার: স্বাস্থ্যসচিব

স্বাস্থ্যসেবা ও শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেছেন, কোনো শিশুর মৃত্যু ঘটলে তার পেছনের কারণ উদঘাটন করা এবং দায় নির্ধারণ করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যেই পড়ে। একই সঙ্গে হামে শিশুমৃত্যুর পেছনে কারা দায়ী, কোথায় ঘাটতি ছিল- তা খতিয়ে দেখতে সরকার আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।
শনিবার (৯ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডা. মিল্টন হলে আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যসচিব বলেন, হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো নিয়ে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তে উঠে আসবে কেন এত শিশু মারা গেল, কোথায় ঘাটতি ছিল, কোনো অবহেলা ছিল কি না, কিংবা দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য কাজ করেছে কি না।
তিনি আরো বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় রয়েছে। জনগণের জানার স্বার্থে এসব ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। আমরা একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থার মধ্যে আছি। সরকার জনগণের কাছে জবাবদিহি করতে প্রস্তুত।
তদন্ত প্রসঙ্গে কামরুজ্জামান চৌধুরী বলেন, হামে মৃত্যুর পেছনে কোনো অবহেলা ছিল কি না এবং থাকলে তার জন্য কে বা কারা দায়ী- তা নির্ধারণে সরকার কাজ করছে। তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও ও হাম-রুবেলা ল্যাবরেটরির ভাইরোলজিস্ট ডা. খন্দকার মাহবুবা জামিল, বিএমইউর নবজাতক বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, জনস্বাস্থ্যবিদ ও সিডিসির সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ, স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সবুর খান, জনস্বাস্থ্যবিদ ও সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন, টিকা বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সাবেক গবেষক ডা. তাজুল ইসলাম এ বারি, বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ড. সৈয়দ আব্দুল হামিদ, পুষ্টিবিদ ও ব্র্যাকের ক্লাইমেট ব্রিজ ফান্ডের প্রধান সাইকা সিরাজ, ডব্লিউএইচও বাংলাদেশের ন্যাশনাল প্রফেশনাল অফিসার (ইমিউনাইজেশন) ডা. চিরঞ্জিত দাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) প্রতিনিধি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) ডা. হুমায়ুন কবির হিমু ও বিএমইউ ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি প্রতীত ইজাজ, সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ, সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান প্রমুখ।
ভিওডি বাংলা/এফএ







