চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে বর্তমানে বিশ্রামে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ব্যর্থতা কাটিয়ে সামনে এখন একমাত্র লক্ষ্য-আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
রোববার (১০ মে) এ টুর্নামেন্টকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । দলে এসেছে একটি চমক, আবার কিছু পরিবর্তনও।
আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ১২ দলের এই বৈশ্বিক আসর। তার আগে ১২ মে থেকে প্রস্তুতি ক্যাম্পে নামবে বাংলাদেশ দল। নির্বাচকদের নতুন পরিকল্পনায় দলে ফিরেছেন তাজ নেহার। তবে জায়গা হারিয়েছেন শারমিন সুলতানা, যিনি সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে দলে ছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হয়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হার এবং টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ-দুই ফরম্যাটেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। সেই পারফরম্যান্সের প্রভাবই এবার স্কোয়াডে পরিবর্তনের মধ্যে স্পষ্ট।
বিশ্বকাপের আসরটি অনুষ্ঠিত হবে- ইংল্যান্ডে, যেখানে গ্রুপ পর্ব থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দল। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে ১২ জুন এজবাস্টনে, যেখানে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার। একই ভেন্যুতে ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৭, ২০, ২৫ ও ২৮ জুন গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।
দল ঘোষণার পর এখন মূল লক্ষ্য প্রস্তুতি ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নেওয়া। বিশেষ করে সাম্প্রতিক ব্যর্থতা ভুলে গিয়ে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভালো পারফরম্যান্স করার জন্য দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।
ভিওডি বাংলা/জা







