• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিসিবি নির্বাচনে গঠিত হলো তিন সদস্যের কমিশন

স্পোর্টস ডেস্ক    ১৩ মে ২০২৬, ০২:০০ পি.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ লক্ষ্যে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি। দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের যে বাধ্যবাধকতা রয়েছে, সেটি পূরণের দিকেই এগোচ্ছে বর্তমান বোর্ড।

বুধবার (১৩ মে) বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করতেই এই কমিশন গঠন করা হয়েছে। আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ পর্যন্ত সব ধরনের কার্যক্রম পরিচালনা করবে কমিশন।

কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল করিম। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বি.এম. এহসানুল মামুন।

বিসিবি জানিয়েছে, প্রচলিত গঠনতন্ত্র ও বিধিমালা অনুসরণ করেই নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সব প্রস্তুতিও কমিশনের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

এর আগে গত বছরের ৬ অক্টোবর বিসিবির কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তবে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ, বিশ্বকাপ ইস্যুতে বিতর্ক এবং প্রশাসনিক জটিলতার কারণে পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সেই বোর্ড ভেঙে দেয়।

পরবর্তীতে বিসিবির কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বর্তমানে সেই কমিটিই দায়িত্ব পালন করছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন নির্বাচন আয়োজন নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
দাম্পত্যে ‘তৃতীয় পক্ষ’, বিচ্ছেদের পথে ওয়াসিম-সানিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণায় সবার আগে বসনিয়া
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা