শাপলা চত্বর মামলা
দীপু মনি ও দুই সাংবাদিক কারাগারে, প্রতিবেদন ৭ জুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত কথিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (১৪ মে) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৭ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখও নির্ধারিত রয়েছে।
এদিন সকালে তিনজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল।
প্রসিকিউশন পক্ষের বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালের ওই ঘটনায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন দীপু মনি। পাশাপাশি দুই সাংবাদিকের বিরুদ্ধে ঘটনাটি নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারণা ও সম্প্রচার সংক্রান্ত ভূমিকার অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় ইতোমধ্যে আরও ছয়জন আসামি কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তিরা।
প্রসিকিউশন জানিয়েছে, ২০১৩ সালের ৫ মে ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মোট ৫৮ জন নিহত হন বলে তদন্ত সংস্থার প্রাথমিক তথ্য রয়েছে।
ভিওডি বাংলা/আ







