ফেনীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফেনীর সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী জান্নাতুল মিমি (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মিমি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় গ্রামের আবদুস সাত্তারের মেয়ে এবং সৌদি প্রবাসী ইসরাফিল হোসেন হৃদয়ের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে জান্নাতুল মিমি তার বাবা আবদুস সাত্তারকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধকে কেন্দ্র করে তার জা কমলার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরের ভেতরে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চললেও হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায়।
মিমির বাবা আবদুস সাত্তার জানান, প্রায় আধা ঘণ্টা মেয়ের কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি ঘরের ভেতরে গিয়ে দেখেন, তার মেয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী ইসরাফিল হোসেন হৃদয় মুঠোফোনে জানান, ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। এরপর চলতি বছরের জানুয়ারিতে তিনি সৌদি আরব চলে যান। তার স্ত্রী মাঝে মাঝে শ্বশুরবাড়িতে গিয়ে বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ করতেন। তবে বিল পরিশোধ নিয়ে বড় ভাইয়ের স্ত্রী কমলার সঙ্গে কয়েকবার বিরোধ ও ঝগড়া হয়েছিল বলে জানান তিনি।
নিহতের ছোট বোন জান্নাতুল ফেরদাউস অভিযোগ করে বলেন, তার বোনকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, “এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ভিওডি বাংলা/জহির আদনান/এমএস







