যুক্তরাষ্ট্রে এয়ার শো চলাকালে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে মাঝআকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুদ্ধবিমান দুটি মাটিতে বিধ্বস্ত হলেও ভেতরে থাকা চারজন ক্রু প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেন।
স্থানীয় সময় রোববার দুপুরে আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের কাছে আয়োজিত ‘গানফাইটার স্কাইস’ এয়ার শো চলাকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি বিমানঘাঁটি থেকে প্রায় দুই মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আকাশে মহড়া প্রদর্শনের সময় মার্কিন নৌবাহিনীর দুটি ইএ-১৮জি যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। ঘটনার পরপরই চারজন ক্রু সদস্য জরুরি বহির্গমন প্রক্রিয়ায় বিমান থেকে বের হয়ে আসেন। পরে তাদের প্যারাসুটে নিরাপদে নিচে নামতে দেখা যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, চারজনই বর্তমানে সুস্থ রয়েছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে। তবে তারা আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
দুর্ঘটনার পর যুদ্ধবিমান দুটি থেকে আগুন ও কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এ ঘটনার জেরে সাময়িকভাবে বিমানঘাঁটি বন্ধ ঘোষণা করা হয় এবং এয়ার শোর বাকি কর্মসূচি বাতিল করা হয়।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান, দুর্ঘটনায় জড়িত চারজন বিমানচালক ওয়াশিংটনের হুইডবে আইল্যান্ডভিত্তিক ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন ভিএকিউ-১২৯ এর সদস্য। তারা নৌবাহিনীর দুটি ইএ-১৮জি জেটে করে মহড়া দিচ্ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি আগুনের গোলার মতো ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাচ্ছে। তবে বিধ্বস্ত হওয়ার আগেই চারটি প্যারাসুট খুলে আকাশ থেকে নিচে নামতে দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে জানান, তিনি পাশের একজনকে বলতে শুনেছিলেন, “ওগুলো পড়ে যাচ্ছে।” পরে ফিরে তাকিয়ে দেখেন চারজন প্যারাসুটে নিচে নামছেন এবং দূরে কালো ধোঁয়া উড়ছে।
মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি উদ্ধারকারীরা কাজ করছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এর আগে শনিবার এয়ার শোর প্রথম দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় দিনের এই দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ জনগণকে বিমানঘাঁটির দিকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।
ভিওডি বাংলা/আ







