মেক্সিকোতে বাসায় ঢুকে গুলি, নিহত শিশুসহ ১০

আবারও ভয়াবহ সহিংসতায় কেঁপে উঠল মেক্সিকো। দেশটির পুয়েবলা রাজ্যের তেহুইৎসিঙ্গো শহরে এক বাসভবনে ঢুকে সশস্ত্র হামলাকারীদের এলোপাতাড়ি গুলিতে এক শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পুয়েবলা রাজ্য সরকার সোমবার (১৮ মে) নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী এবং একজন নাবালক রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনো কারও নাম প্রকাশ করা হয়নি।
স্থানীয় সময় রবিবার (১৭ মে) ভোর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে প্রতিবেশীরা তীব্র গুলির শব্দ শুনতে পান বলে জানিয়েছে পুলিশ। পরে এক স্থানীয় বাসিন্দার ফোন পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে একটি বাড়ির ভেতর একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।
উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়। হামলার উদ্দেশ্য কী ছিল বা কারা এর পেছনে জড়িত—তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনার পর সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
মেক্সিকো দীর্ঘদিন ধরে মাদক কার্টেলগুলোর অভ্যন্তরীণ সহিংসতা ও অপরাধচক্রের কারণে অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে কুখ্যাত ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’-এর শীর্ষ নেতা ‘নেমেসিও এল মেনচো ওসেগুয়েরা’ নিহত হওয়ার পর দেশটিতে সহিংসতা আরও বেড়ে যায়।
সমালোচকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের দুর্নীতি অপরাধ দমনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে মেক্সিকোর ওপর চাপ বাড়িয়েছে প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রও।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রয়োজনে মেক্সিকোর ভূখণ্ডে একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এমন কোনো পদক্ষেপ দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
অন্যদিকে, অলাভজনক সংস্থা ইনসাইট ক্রাইম-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মেক্সিকোতে হত্যার হার আগের বছরের তুলনায় প্রায় ১৯.৮ শতাংশ কমেছে। তবে সমালোচকদের দাবি, উচ্চমাত্রার নিখোঁজ হওয়ার ঘটনা বিবেচনায় না নিলে এই পরিসংখ্যান বাস্তব পরিস্থিতির পূর্ণ চিত্র তুলে ধরে না।
সূত্র: আল জাজিরা
ভিওডি বাংলা/এমএস







