২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ শিশুর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বাকি দুই শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত দুই মাসে সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৮৫ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪১৪ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ৫৪০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছে ২১০ জন এবং আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ২১ জন।
ভিওডি বাংলা/এমএস







