• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বগুড়ায় সাবেক প্রশাসক রাজিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বগুড়া প্রতিনিধি    ৪ জুন ২০২৬, ০৬:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়া পৌরসভার সাবেক প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া এলাকার বাসিন্দা মো. আলীম উদ্দিন হারুন স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি দাবি করেন, বগুড়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে রাজিয়া সুলতানার বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে হাট বাজার ইজারা প্রদান, টেন্ডার কার্যক্রমে অনিয়ম এবং ইমারতের নকশা অনুমোদনে বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, সরকারি বিধি-বিধান অনুসরণ না করে কিছু হাট বাজার ইজারা প্রদান করা হয়েছে এবং সরকারি কোষাগারে নির্ধারিত অর্থ জমা ছাড়াই ইজারা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান আবেদনকারী।

অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত পত্রে আইন উপদেষ্টা জেলা ও দায়রা জজ এম. এ. সাঈদকে বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।

সরকারি চিঠিতে উল্লেখ করা হয়েছে, বগুড়া পৌরসভার সাবেক প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের বিরুদ্ধে নিয়মবহির্ভূত হাট বাজার ইজারা প্রদান, টেন্ডার কার্যক্রম এবং ইমারতের নকশা অনুমোদনসংক্রান্ত বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজিয়া সুলতানার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ হতেই পারে, তবে সব অভিযোগ সত্য  হয় না। তদন্ত হলে প্রকৃত বিষয়টি জানা যাবে। আমি চাই, অভিযোগের সুষ্ঠু তদন্ত হোক।

ভিওডি বাংলা/আ, স,ম,জাকারিয়া/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাইমা রহমানকে সমালোচনা করে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার
জাইমা রহমানকে সমালোচনা করে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার
​নিখোঁজ ছাত্রনেতা সাইদুরকে দ্রুত উদ্ধারের দাবি ছাত্র ফেডারেশনের
​নিখোঁজ ছাত্রনেতা সাইদুরকে দ্রুত উদ্ধারের দাবি ছাত্র ফেডারেশনের
জুতার সূত্র ধরে শিপ্রা হত্যা মামলার রহস্য উন্মোচন
জুতার সূত্র ধরে শিপ্রা হত্যা মামলার রহস্য উন্মোচন