• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিলো বিজিবি, নো ম্যান্স ল্যান্ডে ২৮ জন

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুন ২০২৬, ০৭:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো (পুশইন) ২৮ জন সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) অবস্থান করছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু। বিএসএফ তাঁদের ফেরত নেয়নি। খোলা আকাশের নিচে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ভারী বৃষ্টিতে ভিজেছেন তাঁরা, এমনকি পর্যাপ্ত খাবারও পাচ্ছেন না।

শুক্রবার (৫ জুন) বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাদ্দাম হোসেন বলেন, ২৮ জনের মধ্যে ১৩ জনের বাড়ি খুলনার কয়রায়। তাঁরা দুই বছর আগে ভারতে গিয়েছিলেন। কয়রা থেকে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা তাঁদের জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। সীমান্তের শূন্যরেখার ১০০ গজ দূর থেকে তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএসএফের পক্ষ থেকে তাঁদের খাবার সরবরাহ করা হচ্ছে, তবে তা পর্যাপ্ত নয়। তাঁদের মধ্যে বয়স্ক এক নারী অসুস্থ হয়ে পড়েছেন।

এর আগে, বুধবার রাত ৩টার দিকে সীমান্তের ২০৩/৬–আর পিলার–সংলগ্ন এলাকা দিয়ে ওই ২৮ জনকে বাংলাদেশের দিকে পুশইন করা হয়। বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের ঠেলে পাঠান। তবে বিজিবির প্রতিরোধের মুখে তাঁরা বাংলাদেশে আসতে পারেননি। এর পর থেকেই তাঁরা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন।

বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে কোনো অগ্রগতি নেই। ওই ২৮ জন সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। বর্তমানে তাঁরা সীমান্তের শূন্যরেখা থেকে নো ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশের ৫০ গজ ভেতরে রয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফ ২৮ জনকে পুশইনের কথা স্বীকার করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে বলেও বিজিবিকে আশ্বস্ত করেন বিএসএফের কর্মকর্তারা। কিন্তু পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে আর কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্গম সীমান্তে টহলে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে
দুর্গম সীমান্তে টহলে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে হট্টগোল
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে হট্টগোল
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার