সুদানে ড্রোন হামলায় নিহত অন্তত ২৩

সুদানের মধ্যাঞ্চলীয় শহর এল-ওবেইদে ড্রোন হামলায় অন্তত ১৫ থেকে ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তা ও মানবাধিকার সংগঠনগুলো।
বৃহস্পতিবার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতভর চালানো একাধিক ড্রোন হামলায় বহু মানুষ হতাহত হন।
স্থানীয় মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ জানিয়েছে, হামলায় ২৩ জন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছেন। তবে এল-ওবেইদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা অন্তত ১৫ এবং আহত হয়েছেন ১০ জনের বেশি।
প্রতিবেদন অনুযায়ী, আবাসিক এলাকা, একটি জানাজার সমাবেশ, খাদ্যপণ্যবাহী ট্রাক এবং সেনাবাহিনীর অবস্থানের কাছাকাছি বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়।
ইমার্জেন্সি লইয়ার্স হামলার জন্য র্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) দায়ী করেছে। যদিও সংগঠনটির এ অভিযোগ তাৎক্ষণিকভাবে অস্বীকার বা স্বীকার করেনি আরএসএফ। এছাড়া স্বাধীনভাবে এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে, এক সপ্তাহেরও কম সময় আগে আবু জাইমা শহরের প্রধান বাজারে আরেকটি ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। ওই হামলার দায়ও এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।
২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের সংঘাতে ড্রোন হামলা ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ড্রোন হামলায় অন্তত ৮৮০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ভিওডি বাংলা/আ







