কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ

বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়িকা শাবানা। অভিনয়গুণ, ব্যক্তিত্ব ও অসাধারণ উপস্থিতির মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের মুগ্ধ করে রেখেছেন তিনি। আজ ১৫ জুন এই কিংবদন্তি অভিনেত্রীর ৭৫তম জন্মদিন।
১৯৫২ সালের এই দিনে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। প্রখ্যাত নির্মাতা এহতেশাম হায়দার চৌধুরীর হাত ধরে চলচ্চিত্রে অভিনয় শুরু করার সময় তার নাম রাখা হয় ‘শাবানা’। এরপর এই নামেই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অবিস্মরণীয় এক অধ্যায় হয়ে ওঠেন তিনি।
খুব অল্প বয়সেই অভিনয়জীবন শুরু করেন শাবানা। ১৯৬২ সালে ‘নতুন সুর’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর ১৯৬৭ সালে ‘চকোরী’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটে। প্রথম সিনেমাতেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন এই গুণী অভিনেত্রী।
দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় জুটির অংশ হয়েছেন। বিশেষ করে চিত্রনায়ক আলমগীরের সঙ্গে ১৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করে গড়েছেন এক অনন্য রেকর্ড। এছাড়া রাজ্জাক, ওয়াসিম, উজ্জ্বল এবং পাকিস্তানি অভিনেতা নাদিমের সঙ্গেও তার জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
ব্যক্তিগত জীবনে ১৯৭৩ সালে পরিচালক ওয়াহিদ সাদিককে বিয়ে করেন শাবানা। দুই কন্যা ও এক পুত্রসন্তানের জননী তিনি। অভিনয়জীবনের জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন।
প্রায় ৩৬ বছরের অভিনয় ক্যারিয়ারে তিনি ২৯৯টি সিনেমায় অভিনয় করেছেন শাবানা। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— ‘চকোরী’, ‘অবুঝ মন’, ‘মধু মিলন’, ‘ওরা ১১ জন’, ‘ছদ্মবেশী’, ‘সমাধান’, ‘স্বীকৃতি’, ‘জননী’, ‘মাটির ঘর’, ‘সখী তুমি কার’, ‘ছুটির ঘণ্টা’, ‘নাজমা’, ‘ভাত দে’, ‘দুই পয়সার আলতা’, ‘রজনীগন্ধা’, ‘ঘরের বউ’, ‘সখিনার যুদ্ধ’, ‘নতুন পৃথিবী’, ‘চাঁপাডাঙ্গার বউ’, ‘অশান্তি’, ‘বিরোধ’ ও ‘স্বামী-স্ত্রী’সহ আরও অনেক জনপ্রিয় সিনেমা।
অভিনয়ের অসামান্য অবদানের জন্য একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন শাবানা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন কিংবদন্তি এ অভিনেত্রী।
ভিওডি বাংলা/শাহাদাত/এফএ







