নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

হিন্দি টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী সঞ্চিতা উগালে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের নালাসোপাড়ায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যাজনিত ঘটনা হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
মৃত্যুর মাত্র ১৮ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন সঞ্চিতা। সেখানে তাকে হাসিমুখে নাচতে ও ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর স্বাভাবিকভাবেই ভক্তদের সঙ্গে তার যোগাযোগও ছিল। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই আসে মৃত্যুর খবর।
এরপর থেকেই তার শেষ পোস্টে শোক প্রকাশ করছেন অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলছেন, কী এমন ঘটেছিল যে এত অল্প সময়ের ব্যবধানে এমন করুণ পরিণতি ঘটল।
ছোটপর্দার পরিচিত মুখ সঞ্চিতা উগালে ‘কুমকুম ভাগ্য’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ সিনেমায় তাকে তারাবাই চরিত্রে দেখা গিয়েছিল।
অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে একাধিক প্রকল্পে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী।
এদিকে তার মৃত্যু এমন সময়ে ঘটল, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে অতীতে সরব ছিলেন তিনি নিজেই। তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের চাপ ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তার মৃত্যুর খবর সামনে এসেছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় বছর পূর্তির দিনেই, যা বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।
সঞ্চিতার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বিনোদন অঙ্গনে। তার মৃত্যু ঘিরে রহস্যের জট কাটাতে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন ভক্ত ও সহকর্মীরা।
সূত্র: এনডিটিভি
ভিওডি বাংলা/আ







