আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বিশেষ সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি)।
সাম্প্রতিক আঞ্চলিক ফ্লাইট জটিলতার কারণে যারা নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরতে পারেননি বা ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন, তাদের জন্য বিশেষভাবে ৩০ দিনের একটি গ্রেস পিরিয়ড চালু করা হয়েছে।
কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, গত ১০ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ সুবিধা আগামী ৯ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রবাসীরা কোনো ধরনের ওভারস্টে জরিমানা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন অথবা চাইলে তাদের ভিসা স্ট্যাটাস পরিবর্তন করে বৈধভাবে দেশটিতে অবস্থান ও কর্মসংস্থান চালিয়ে যেতে পারবেন।
আইসিপি জানায়, চলতি বছরের মার্চ মাসেও একই ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন ২৮ ফেব্রুয়ারি থেকে আঞ্চলিক পরিস্থিতির কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটায় বহু প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়তে পারেননি। সেই পরিস্থিতিতে তাদের উপর আরোপিত জরিমানা মওকুফ করা হয়েছিল এবং মানবিক বিবেচনায় কিছু ছাড় দেওয়া হয়।
তবে বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশপথে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল নিয়মিত হয়েছে। ফলে পূর্বের জরিমানা মওকুফের কারণ আর বিদ্যমান নেই বলে জানায় কর্তৃপক্ষ। সেই কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য এটি শেষ সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার মধ্যে তারা নিজেদের আইনি অবস্থান ঠিক করে নিতে পারবেন।
আইসিপি আরও জানিয়েছে, এই সুবিধা গ্রহণের জন্য আলাদা কোনো জটিল আবেদন প্রক্রিয়ার প্রয়োজন নেই। যারা দেশে ফিরে যেতে চান, তারা সরাসরি বিমানবন্দরের মাধ্যমে প্রস্থান করতে পারবেন। অন্যদিকে যারা আমিরাতে অবস্থান অব্যাহত রাখতে চান, তারা নিয়ম অনুযায়ী ভিসা নবায়ন বা স্ট্যাটাস পরিবর্তনের কাজ সম্পন্ন করতে পারবেন।
কর্তৃপক্ষ প্রবাসীদের উদ্দেশে সতর্ক বার্তাও দিয়েছে যে, এ বিষয়ে শুধুমাত্র সরকারি ঘোষণা ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে হবে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
ভিওডি বাংলা/জা







