• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বেচ্ছায় রক্তদান মানবতার বড় কাজ: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২০ জুন ২০২৬, ১২:১৪ পি.এম.
গেন্ডারিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচিতে বক্তব্য দেন মো. আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম অসহায় ও দুস্থ মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে সবাইকে মানবিক এ কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রক্তদান শুধু মানবসেবাই নয়, এটি মানুষের জীবন রক্ষার অন্যতম কার্যকর মাধ্যম।

শনিবার (২০ জুন) রাজধানীর গেন্ডারিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া শিশু-কিশোর মেলার উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আবদুস সালাম বলেন, তিনি জিয়া শিশু-কিশোর মেলার এ উদ্যোগকে স্বাগত জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রক্ত দিয়ে দেশের স্বাধীনতার পথ সুগম করেছিলেন এবং স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে আয়োজিত এ রক্তদান কর্মসূচি প্রশংসনীয়।

তিনি বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে অসংখ্য অসহায় মানুষ উপকৃত হবেন। যারা এক ফোঁটা রক্তের জন্য সংগ্রাম করেন, তাদের জন্য এ উদ্যোগ সহায়ক হবে। একই সঙ্গে যাদের রক্ত কেনার সামর্থ্য নেই, তারাও বিনামূল্যে রক্ত পাওয়ার সুযোগ পাবেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধ বাড়ায়। মানুষের প্রয়োজনে মানুষকে এগিয়ে আসতে হবে। রক্তদানের মতো উদ্যোগের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছিল জনগণের কল্যাণে কাজ করা। তাঁর দেখানো পথ অনুসরণ করে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে আরও শক্তিশালী করা সম্ভব।

আবদুস সালাম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছেন। শহীদ জিয়া ছিলেন এমন একজন নেতা, যিনি দেশগঠন, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি এবং আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করলে বাংলাদেশ একটি স্বাধীন, মর্যাদাশীল ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে আরও এগিয়ে যাবে।

জিয়া শিশু-কিশোর মেলার কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের নিয়ে কাজ করছে। রক্তদান কর্মসূচির মতো জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে তারা সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। ভবিষ্যতেও তারা জনগণের কল্যাণে আরও বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে আবদুস সালাম বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর আদর্শ ও কর্মই আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

পরে তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
আবারো পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম
আবারো পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম
কবি আল মুজাহিদীর মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রীর শোক
কবি আল মুজাহিদীর মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রীর শোক