সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর এলাকার সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (৭৮) আর নেই। শনিবার (২০ জুন) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি। তিনি জানান, মরহুম মোশাররফ হোসেন তার চাচা শ্বশুর ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
জানা যায়, মহান মুক্তিযুদ্ধের সময় মোশাররফ হোসেন জয় বাংলা বাহিনীর (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতিও ছিলেন।
১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। রাজনৈতিক জীবনে তিনি সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
সবশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোশাররফ হোসেন।
ভিওডি বাংলা/আ







