• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইতিহাস গড়ল মেক্সিকো, ৪০ বছরের অপেক্ষার অবসান

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২ জুলাই ২০২৬, ০৪:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বজ্রঝড়ের কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচ যেন শেষ পর্যন্ত রূপ নেয় মেক্সিকোর ইতিহাস গড়ার রাতে। গ্যালারিভর্তি ৮০ হাজারের বেশি দর্শকের সামনে ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিকরা। একই সঙ্গে ১৯৮৬ সালের পর প্রথমবার নকআউট পর্বে জয় পেল মেক্সিকো, যার মাধ্যমে ভাঙল চার দশকের দীর্ঘ অপেক্ষা।

মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দর্শক উপস্থিতি ছিল ৮০ হাজার ৮২৪ জন। শুরুতে বজ্রঝড়ের কারণে খেলা এক ঘণ্টা পিছিয়ে গেলেও গ্যালারির উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। ম্যাচ শুরু হতেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মেক্সিকো।

প্রথম দিকেই ইকুয়েডরকে চাপে রাখে স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটে লুইস রোমোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এক মিনিট পর রাউল হিমেনেসের হেডও সুযোগ নষ্ট করে। তবে সময় গড়াতেই প্রথম বড় সুযোগ পায় ইকুয়েডর। ১৮ মিনিটে গঞ্জালো প্লাতা প্রতিপক্ষকে কাটিয়ে জন ইবোয়াকে পাস দেন, কিন্তু তার শট লেগে যায় পাশের জালে।

এই সুযোগ মিসের খেসারত দিতে হয় ইকুয়েডরকে। ২২তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে গোল করেন হুলিয়ান কিনোনেস। নিজেদের অর্ধ থেকে হেসুস গাইয়ার্দোর থ্রু পাস ধরে অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।

গোল খাওয়ার ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও আঘাত হানে মেক্সিকো। রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান রাউল হিমেনেস। কিনোনেসের সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে পোস্টঘেঁষা শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইকুয়েডর। ৪০ মিনিটে জন ইবোয়ার শক্ত শট দারুণভাবে রক্ষা করেন গোলরক্ষক রাউল রাহনেল। দুই মিনিট পর কর্নার থেকেও সফলভাবে বিপদ সামাল দেয় মেক্সিকো। প্রথমার্ধের যোগ করা সময়ে হিমেনেসের ভলি ক্রসবারের ওপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে বলের দখলে কিছুটা এগিয়ে থাকলেও ইকুয়েডর খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। বরং ৬৭ মিনিটে তৃতীয় গোলের কাছাকাছি যায় মেক্সিকো। সেসার মন্তেসের হেড এক হাতে রুখে দেন গোলরক্ষক এর্নান গালিন্দেজ। পরের কর্নার থেকে জোহান ভাসকেসের হেড অল্পের জন্য বাইরে যায়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানেই ম্যাচ শেষ করে মেক্সিকো। বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠে পুরো আজতেকা স্টেডিয়াম।

এই জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেল মেক্সিকো। একই সঙ্গে ১৯৯৪ সাল থেকে টানা সাত বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে না পারার হতাশারও অবসান ঘটাল দলটি। বর্তমান কোচ হাভিয়ের আগিরের হাত ধরেই এলো ঐতিহাসিক এই সাফল্য।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে সেনেগালের দাপট, ২ গোলে পিছিয়ে বেলজিয়াম
ছবি: সংগৃহীত
প্রথমার্ধেই সেনেগালের চাপে নড়বড়ে বেলজিয়াম
ছবি: সংগৃহীত
বেলজিয়াম-সেনেগাল মহারণ আজ, শেষ ষোলোর টিকিট কার?