জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগে যুবদল নেতা আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই ছাত্রীকে গোপনে ছবি তোলার অভিযোগে দেবাশীষ চৌধুরী নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত মুচলেকা ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর সূত্রে জানা যায়, অভিযুক্ত দেবাশীষ চৌধুরীর বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। তিনি ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বলেও জানা গেছে।
ঘটনার সময় দেবাশীষ বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী ও জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজার সঙ্গে ক্যাম্পাসে অবস্থান করছিলেন। অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা তাঁদের আটক করে নিরাপত্তা কার্যালয়ে নিয়ে যান।
নিরাপত্তা কার্যালয় সূত্র আরও জানায়, অভিযুক্তদের কাছ থেকে দুটি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া লিখিত বক্তব্যে দেবাশীষ চৌধুরী স্বীকার করেন যে, তিনি অনুমতি ছাড়া কয়েকজন নারীর ছবি তুলেছিলেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে নিরাপত্তা কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তিনি শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চান এবং ভবিষ্যতে ক্যাম্পাসে প্রবেশ না করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ও তাঁর ব্যবহৃত গাড়ি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করবে না— এমন শর্তে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য