রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে রাজধানীর একাধিক থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন ধরনের আলামতও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরজুড়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের লক্ষ্য ছিল অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার।
ডিএমপির তথ্য অনুযায়ী, আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে ওয়ারী বিভাগ থেকে। এছাড়া মতিঝিল বিভাগে ৬৫ জন, উত্তরা বিভাগে ৬২ জন, মিরপুরে ৭০ জন, তেজগাঁওয়ে ৪৫ জন, গুলশানে ৩৯ জন, লালবাগে ৩৩ জন এবং রমনা বিভাগে ২৮ জনকে আটক করা হয়েছে।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০টি ইয়াবা ট্যাবলেট, ৩৫৩ বোতল ফেনসিডিল এবং ৩ গ্রাম হেরোইন। এছাড়া ৮টি মোবাইল ফোন, একটি ক্যাপ, একটি ব্যাগ এবং র্যাব লেখা একটি পরিচয়পত্রও জব্দ করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, অভিযানকালে তিনটি ওয়াকিটকি, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ১০ টাকার নোট দিয়ে তৈরি একটি পাইপ, একটি ফয়েল পেপার, একটি কালো মাটির কলকি, একটি ধারালো লোহার কাটার, এক টুকরা কাঠ এবং একটি গাড়িও উদ্ধার করা হয়েছে।
ভিওডি বাংলা/জা









মন্তব্য