• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংসদ ভবনে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজন, বাম জোটের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০৩:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের আয়োজনকে কেন্দ্র করে তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। 

জোটটির দাবি, জাতীয় সংসদ ভবন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হওয়ায় সেখানে বিদেশি রাষ্ট্রের জাতীয় দিবসের অনুষ্ঠান আয়োজন অনভিপ্রেত।

সোমবার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের নেতারা এ প্রতিক্রিয়া জানান। তাদের ভাষ্য, জাতীয় সংসদ ভবনে বিদেশি রাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় অনুভূতির প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৪ জুলাই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং সরকারি দলের চিফ হুইপ বক্তব্য দেন। জোটের নেতারা এ ঘটনাকে সমালোচনাযোগ্য বলে মন্তব্য করেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের ভূমিকা দেশের মানুষের স্মৃতিতে এখনো নেতিবাচকভাবে বিবেচিত হয়। সে কারণে জাতীয় সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় এ ধরনের আয়োজন নানা প্রশ্নের জন্ম দেয় বলে তারা মনে করেন।

একই বিবৃতিতে জোটের নেতারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সামরিক ও অর্থনৈতিক নীতির মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করে আসছে। পাশাপাশি ফিলিস্তিন, ইরান, কিউবা ও ভেনিজুয়েলার পরিস্থিতি উল্লেখ করে তারা মার্কিন পররাষ্ট্রনীতিরও সমালোচনা করেন।

তাদের দাবি, বাণিজ্যচুক্তি ও বিভিন্ন কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে ভূরাজনৈতিক কৌশলের অংশ করার চেষ্টা চলছে। সরকারের অনুমতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ আয়োজনের অনুমতি দেওয়াকেও তারা সমালোচনার বিষয় বলে উল্লেখ করেন। একই সঙ্গে এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।

বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ জাসদসহ বিভিন্ন বামপন্থি ও প্রগতিশীল রাজনৈতিক দলের নেতারা স্বাক্ষর করেন।

ভিওডি বাংলা/এমএস/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
এনসিপির ‌‘জুলাই পদযাত্রা’ শুরু
ইসলামী আন্দোলন বাংলাদেশ
সন্ত্রাস-চাঁদাবাজ দমনের আহ্বান ইসলামী আন্দোলনের
ছবি: ভিওডি বাংলা
ব্যক্তিস্বার্থ নয়, দেশ গড়াই এখন প্রধান লক্ষ্য: শামসুজ্জামান দুদু