রাজনৈতিক অস্থিরতায় ক্ষুদ্র উদ্যোক্তারা টিকতে পারবেন না: ইসহাক সরকার

রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা টিকে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক ইসহাক সরকার।
তিনি বলেন, "রাজনীতি করতে গিয়ে বারবার গ্রেপ্তার ও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। এর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমার ব্যবসার। রাজনৈতিক অস্থিরতার কারণেই আমরা বারবার ব্যবসায় ব্যর্থ হয়েছি।"
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে আইইডিবির মুক্তিযোদ্ধা হলে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসহাক সরকার বলেন, ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হলেও পারিবারিকভাবে তারা দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু রাজনীতি করার কারণে একের পর এক মামলায় জড়িয়ে পড়তে হয়েছে। ব্যবসা এগিয়ে নেওয়ার চেষ্টা করলেই পুলিশ ও ডিবি পুলিশ এসে গ্রেপ্তার করত। একবার গ্রেপ্তার হলে তিন থেকে চার বছর পর্যন্ত কারাগারে থাকতে হয়েছে। ফলে প্রতিবারই ব্যবসা ধ্বংসের মুখে পড়েছে।
সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, "গুলিস্তানের একটি রাজনৈতিক মামলায় এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ তিনি এজাহারভুক্ত আসামি নন, এমনকি ভিডিও ফুটেজেও তার উপস্থিতি নেই। তারপরও তাকে রাজনৈতিক বিষয় উল্লেখ করে আটক রাখা হয়েছে।"
তিনি প্রশ্ন রেখে বলেন, "একজন ব্যবসায়ী যদি দুই মাসও কারাগারে থাকেন, তাহলে তার ব্যবসা কি টিকে থাকবে? নিশ্চয়ই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।"
ইসহাক সরকার বলেন, দীর্ঘ ৩০ বছর একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও কখনো শেখানো হয়নি যে রাজনীতির পাশাপাশি ব্যবসাকেও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। তবে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ তাকে নতুন করে আশা দেখিয়েছে।
তিনি বলেন, "রাজনৈতিক অস্থিরতা দূর করতে পারলেই দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। আমরা রাজনীতির পাশাপাশি ব্যবসায়ও সফল হতে চাই।"
শেষে তিনি বলেন, দেশের নতুন বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই প্রত্যাশা বাস্তবায়নে তারা নেতৃত্বের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
ভিওডি বাংলা/এমআই/এমএস








মন্তব্য