যশ-কিয়ারার ‘তাবাহি’ নিয়ে বিতর্ক নেটদুনিয়ায়

চলতি বছরের বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রথম গান ‘তাবাহি’ প্রকাশ পেয়েছে। সিনেমাটির প্রথম গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।
গানটিতে যশ ও কিয়ারার অনস্ক্রিন রসায়ন এবং আবেগঘন অভিনয় যেমন অনেক দর্শককে মুগ্ধ করেছে, তেমনি নেটদুনিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। এমনকি টিজার প্রকাশের পর ছবিটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ মানসিকতার অভিযোগও উঠেছিল।
মিশ্র প্রতিক্রিয়ার ভিড়ে অবশ্য বড় একটি অংশ এই নতুন জুটির রসায়নের প্রশংসায় পঞ্চমুখ। ভক্তদের মতে, এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে যশ ও কিয়ারার এই নতুন রসায়ন।
অন্যদিকে, একটি পুরোদস্তুর অ্যাকশনধর্মী ছবির প্রথম গান হিসেবে এত বেশি ঘনিষ্ঠ দৃশ্য অপ্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন অনেকেই। এতে সিনেমার অ্যাকশন ঘরানার প্রচারের চেয়ে এক ধরনের ‘ইরোটিক’ আবহ তৈরি হয়েছে। কেউ কেউ আবার বলছেন, ছবির নাম ‘টক্সিক’ হওয়ায় নির্মাতারা বিতর্কিত বা আপত্তিকর বিষয়কে স্বাভাবিক হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন।
‘তাবাহি’ গানটির সুর, সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন বিশাল মিশ্র। হিন্দি সংস্করণে গানটি লিখেছেন রাজ শেখর। হিন্দি ছাড়াও গানটি একই সঙ্গে কন্নড়, তেলেগু, তামিল এবং মালায়ালাম—এই ৪ আঞ্চলিক ভাষাতেও মুক্তি পেয়েছে।
সাধারণত গ্যাংস্টার ঘরানার সিনেমায় পুরুষ চরিত্রের প্রাধান্যই বেশি থাকে। তবে গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে নারীদের কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, তা সিনেমাটি মুক্তির পরই স্পষ্ট হবে। সব ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক’-এর।
ভিওডি বাংলা/তা








মন্তব্য