শাকিবের নতুন সিনেমার নাম নিয়ে মুখ খুললেন পরিচালক
‘বরবাদ’ সিনেমার বাণিজ্যিক সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে ছবির নাম নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের বিষয়ে এবার মুখ খুলেছেন পরিচালক।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, শাকিব-হৃদয়ের নতুন ছবির সম্ভাব্য নাম হতে পারে ‘নিঃস্ব’। কোথাও আবার ‘হায়েনা’ নামও আলোচনায় আসে। তবে এসব তথ্যকে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়।
বুধবার (২২ জুলাই)গণমাধ্যমকে তিনি বলেন, “এখনো চিত্রনাট্য লেখা শেষ হয়নি। স্ক্রিপ্ট শেষ না হওয়া পর্যন্ত ছবির নামও চূড়ান্ত হচ্ছে না। ‘নিঃস্ব’, ‘হায়েনা’সহ আরও কয়েকটি নাম শুনেছি, কিন্তু এগুলোর কোনোটিই আমাদের ছবির নাম নয়। আসলে এখন পর্যন্ত কোনো নামই ঠিক করা হয়নি।”
তিনি আরও জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১০ দিনের মধ্যেই সিনেমার নাম প্রকাশ করা হতে পারে। পাশাপাশি অন্যান্য শিল্পী নির্বাচন নিয়েও কাজ চলছে। সেগুলোও পর্যায়ক্রমে জানানো হবে বলে জানান তিনি।
এর আগে গত ২ জুলাই নতুন সিনেমার চুক্তি সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেদিন পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক আজিম হারুন ও শাহরিন সুমীর সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।
ছবির ক্যাপশনে শাকিব লিখেছিলেন, “‘বরবাদ’ টিম আবার ফিরছে। চলুন, আবারও ইতিহাস গড়ি।”
এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন সিনেমাটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিতব্য ছবিটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে জানা গেলেও, নাম ও অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
ভিওডি বাংলা/তা









মন্তব্য