• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৪:০৯ পি.এম.
হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

রাজধানীতে হানিট্র্যাপে ফেলে এক ব্যক্তিকে ফ্ল্যাটে ডেকে নিয়ে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্য এবং সম্ভাব্য আরও ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত চলছে।

রোববার (৫ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ আনোয়ার হোসেন, বদিউজ্জামান শাহিন, মরিয়ম, শাহাদাত হোসেন ও পূর্ণ বেগম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণকারী কর্মকর্তা গত ১৫ এপ্রিল ঋণসংক্রান্ত কাজে রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রীর একটি মার্কেটে গেলে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী ঋণ নিতে আগ্রহী বলে পরিচয় দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে একটি ভিজিটিং কার্ড সংগ্রহ করেন। পরে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই নারী বনশ্রীর ইউনিটি হাসপাতালের সামনে দেখা করার প্রস্তাব দেন। নির্ধারিত দিনে সেখানে পৌঁছালে আরেক নারী তাকে রিকশাযোগে খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে নিয়ে যান। ফ্ল্যাটে প্রবেশের কিছুক্ষণ পরই আরও চারজন সেখানে উপস্থিত হয়ে ভুক্তভোগীকে মারধর করেন। এরপর তাকে বিবস্ত্র করে ওই নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।

ভিডিও ধারণের পর ভুক্তভোগীর মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা, ব্যাংকের এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে তার ব্যাংক হিসাব এবং বিকাশ ও উপায় অ্যাপের মাধ্যমে মোট ১ লাখের বেশি টাকা আত্মসাৎ করা হয়। পাশাপাশি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে নিয়মিত ব্ল্যাকমেইল করা হয়। পরে ভুক্তভোগী গত ২২ জুন খিলগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলাটি ২ জুলাই ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে হস্তান্তর করা হলে প্রাথমিক তদন্ত শেষে ৩ জুলাই দিবাগত রাতে রাজধানীর সবুজবাগ, বাড্ডা ও খিলগাঁও এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযানে তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, একটি ওয়াকিটকি এবং ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস পর্যালোচনায় দেখা গেছে, চক্রটি একই কৌশলে একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে নির্যাতন করেছে এবং তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেছে। এসব আলামতের ভিত্তিতে আরও সম্ভাব্য ভুক্তভোগী এবং চক্রটির অন্যান্য সদস্যকে শনাক্তে তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তারা কীভাবে অপরাধ পরিচালনা করত এবং আরও কতজন এদের শিকার হয়েছেন সেসব তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

ডিএমপি জানায়, অপরিচিত ব্যক্তি বা নারীর সঙ্গে মোবাইল ফোন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে নির্জন ফ্ল্যাট বা অন্য কোনো স্থানে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে সামাজিক লজ্জা বা আত্মসম্মানের ভয়ে বিষয়টি গোপন না রেখে দ্রুত পুলিশের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬
উদ্ধার হওয়া পুলিশের লুণ্ঠিত পিস্তল।   ছবি: ভিওডি বাংলা
চকবাজারে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার পুলিশের লুণ্ঠিত পিস্তল
ছবি: সংগৃহীত
রাজধানীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজাসহ আটক ২