বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়ার অধিনায়ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোও শুরুর পথে। শুক্রবার (৩ জুলাই) শেষ বত্রিশে বিদায়ঘণ্টা বেজে গেল আলজেরিয়ার। দলের বিদায়ে অবসরের ঘোষণা দিয়েছেন অধিনায়ক রিয়াদ মাহরেজ।
টরন্টোতে বাংলাদেশ সময় সকালে শেষ বত্রিশের ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে আলজেরিয়া। দল আগেভাগে বিদায় নেওয়ার পর সম্প্রচারক বিন স্পোর্টসকে মাহরেজ বলেন, ‘দেশের হয়ে এটাই ছিল আমার শেষ ম্যাচ।’
২০১৪ থেকে ২০২৬ পর্যন্ত দীর্ঘ এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৯ ম্যাচ খেলেন মাহরেজ। আলজেরিয়ার জার্সিতে করেছেন ৪০ গোল। অ্যাসিস্ট করেছেন ৪৫ গোলে, যার মধ্যে এবারের বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। গ্রুপ পর্বের ম্যাচটিতে ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোল করে আলজেরিয়াকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে অস্ট্রিয়ার ফরোয়ার্ড সাশা কালাইদজিচ গোল করে সমতায় ফিরিয়েছিলেন।
গ্রুপ পর্বে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ ৩-৩ গোলে ড্র হওয়ায় ‘জে’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে শেষ বত্রিশে পৌঁছায় আলজেরিয়া।
শুক্রবার টরন্টোতে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছায় সুইজারল্যান্ড। ১০ ও ৪৬ মিনিটে গোল করেন ব্রিল এমবলো এবং ডান এনদয়ে। তাতে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বের বাধা পেরোল সুইসরা। সবশেষ ১৯৫৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য