• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বৃত্তি পরীক্ষার ফল ফাঁস, ডিপিই কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ০৩:২৯ পি.এম.
মো. মেহতাব কায়েস
ফাইল ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ওয়েব পোর্টালে ফাঁস হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কর্তৃপক্ষ যথাযথ ফলাফল প্রকাশের আগে প্রয়োজনীয় নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ওয়েবপোর্টালে ফলাফল আপলোড করার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ৯ জুলাই ২০২৬, অর্থাৎ ফলাফল ওয়েবপোর্টালে আপলোডের দিন থেকেই তার সাময়িক বরখাস্ত কার্যকর হবে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত অফিস আদেশে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে। সদস্য হিসেবে রয়েছেন শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।

অফিস আদেশে বলা হয়, ৮ জুলাই বৃত্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রস্তুত করা হয়। পরে ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েবলিংক তৈরির দায়িত্ব দেওয়া হয় মো. মেহতাব কায়েসকে। তাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করা যাবে না।

তবে অভিযোগ অনুযায়ী, ৯ জুলাই সকাল ১০টার দিকে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করা হয়। অল্প সময়ের জন্য লিংকগুলো সচল থাকায় অনেকেই ফলাফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল ৯ জুলাই। কিন্তু কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়। এর মধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফলের অংশবিশেষ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষক ও অভিভাবক সেই ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ও সন্তানদের অভিনন্দনও জানান। পরে ফলাফলের সত্যতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষা জোরদারে ইউএপি ও ডিপিডিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি: ভিওডি বাংলা
গবেষণা-উদ্ভাবনে নতুন দিগন্ত, ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
ফাইল ছবি
আজ দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত