দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ায় যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কন্টেস্ট’। আর এই ঐতিহাসিক আসরে প্রথমবারের মতো প্রতিযোগী দেশ হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। দেশের প্রতিনিধিত্ব করবেন কোন শিল্পী, সেই খোঁজে বিশেষ আয়োজন করেছে দেশের বিনোদন প্ল্যাটফর্ম বঙ্গ (Bongo)।
‘ভয়েস অব বাংলাদেশ-সং ফর ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’ শিরোনামের এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হবেন বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধি। প্রতিযোগিতার ন্যাশনাল ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর। সেখানকার বিজয়ী শিল্পী অংশ নেবেন ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল-এ, যেখানে তিনি লাল-সবুজের পতাকা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সাত দশক ধরে মৌলিক গান ও সুরের মাধ্যমে বিশ্বের নানা সংস্কৃতিকে এক সুতোয় বেঁধে রেখেছে ইউরোভিশন। এবার এশিয়ার শিল্পীদের জন্যও সেই আন্তর্জাতিক মঞ্চ উন্মুক্ত হওয়ায় বাংলাদেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীলতাকে বিশ্বদরবারে তুলে ধরার নতুন সুযোগ তৈরি হয়েছে।
প্রতিযোগিতাটি বঙ্গ প্ল্যাটফর্মে এক্সক্লুসিভভাবে স্ট্রিমিং হবে এবং এনটিভি (NTV) থাকবে অফিশিয়াল টেলিভিশন পার্টনার হিসেবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
এই আয়োজনে একক শিল্পী, দ্বৈত (ডুয়েট) কিংবা ব্যান্ড, সব ধরনের পারফর্মার অংশ নিতে পারবেন। বিজয়ী নির্বাচনে দর্শক ভোটের পাশাপাশি বিচারকের দায়িত্ব পালন করবেন দেশের পাঁচ গুণী সংগীত ব্যক্তিত্ব-ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ এবং শওকত আলী ইমন।
বঙ্গের হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ৭০ বছর ধরে ইউরোভিশন বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিকে সংগীতের মাধ্যমে একত্র করেছে। এশিয়ায় এর যাত্রা বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পীদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভা তুলে ধরার এক অসাধারণ সুযোগ তৈরি করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম ইউরোভিশন প্রতিনিধিকে নির্বাচনের এই প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে বঙ্গ গর্বিত। দেশের সব প্রান্তের উদীয়মান ও অভিজ্ঞ শিল্পীদের অংশ নিয়ে বাংলা গানের ইতিহাসে নতুন অধ্যায় রচনার আহ্বান জানান তিনি।
আবেদনের নিয়ম:
একক শিল্পী, ডুয়েট কিংবা ব্যান্ড-সবাই আবেদন করতে পারবেন। আবেদনকারীদের একটি উচ্চমানের অডিও বা ভিডিও পারফরম্যান্সের সঙ্গে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।
অনলাইন আবেদন: apply.bongobd.com
ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার /তা









মন্তব্য