• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সোনাগাজী

দাবিকৃত চাঁদা না পেয়ে সাবেক সাংসদের ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ

ফেনী প্রতিনিধি    ৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সোনাগাজীতে দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর ভাই মৎস্য খামারি ব্যবসায়ী হাজী সিরাজুল হকের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ফেনী-৩ আসনের সাবেক স্বতন্ত্র সাংসদ ও বর্তমানে কারাবন্দী হাজী রহিম উল্লাহর ছোট ভাই হাজী সিরাজুল হক মুহুরী প্রজেক্ট এলাকায় দীর্ঘদিন ধরে মৎস্য খামার ব্যবসার সঙ্গে জড়িত। গত ৭ ফেব্রুয়ারি তার স্ত্রী ও সন্তানরা খামারের মালামাল আনতে গেলে স্থানীয় কয়েকজন সন্ত্রাসীর নেতৃত্বে ১৫–২০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় তার ছেলে বিপ্লব আহত হন এবং ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়।

পরিবারের দাবি, মোটরসাইকেল ফেরত দেওয়ার শর্তে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে বাড়িতে অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, মঙ্গলবার গভীর রাতে ৩০–৩৫ জনের একটি সশস্ত্র দল বাড়িতে হামলা চালিয়ে আলমারি ভেঙে ১৩–১৪ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৮ লাখ টাকা লুট করে। পরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনাগাজী ফায়ার সার্ভিস–এর স্টেশন লিডার মফিজুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

সোনাগাজী মডেল থানা–র ওসি মো. কামরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার দুপুরে সোনাগাজী পৌর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং জীবনের নিরাপত্তা দাবি করেন। এ সময় হাজী সিরাজুল হকের ছেলে, ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী মো. বিপ্লবসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আনোয়ারা বেগম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

ভিওডি বাংলা/জহির আদনান/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা হত্যায় ছেলে ৩ দিনের রিমান্ডে
মা হত্যায় ছেলে ৩ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত
সিংগাইরে পাটক্ষেতে মিলল অটোচালকের মরদেহ
ছবি: ভিওডি বাংলা
পাংশায় প্রথম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ, গ্রেপ্তার ১