• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় চাঁদা না দেয়ায় কৃষককে মারপিট

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় মামলা তুলে নিতে চাপ ও চাঁদা দাবির জেরে এক কৃষককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত কৃষক আব্দুল খালেক সরদার (৫২) বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পাংশা পৌরসভার মৌকুড়ী গ্রামের মৃত ওয়াজেদ সরদারের ছেলে।

সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় ২-৩ বছর আগে ভুক্তভোগী খালেক সরদারের স্ত্রীর ওপর হামলার ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলাটি তুলে নিতে দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল খালেক সরদার জানান, স্ত্রীর ওপর হামলার ঘটনায় মামলা করার পর থেকেই তাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছিল। মামলা না তুললে ‘খরচ বাবদ’ ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে একই এলাকার আক্কাস আলী আগুন, শমসের খান, সোহান খান ও নিলুসহ অজ্ঞাত ৮-১০ জনের একটি দল লোহার রড ও কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এসময় তার পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে জানান।

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় কোনোমতে বাড়িতে ফিরলে অভিযুক্তরা তার বাড়িতেও হামলার প্রস্তুতি নেয়। পরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দাবিকৃত টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আক্কাস আলী আগুন মুঠোফোনে জানান, মারপিটের ঘটনা আমি শুনেছি কিন্তু এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। 

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এস,কে পাল সমীর/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ৬ ঘণ্টা বন্ধ ছিল মহেশখালীর এলএনজি টার্মিনাল
যে কারণে ৬ ঘণ্টা বন্ধ ছিল মহেশখালীর এলএনজি টার্মিনাল
রাঙ্গাবালীতে প্রবেশপত্র বিতরণে রমরমা ‘বাণিজ্য’
রাঙ্গাবালীতে প্রবেশপত্র বিতরণে রমরমা ‘বাণিজ্য’
বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত ৩ পরিবার
বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত ৩ পরিবার