সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ২

রাতের আঁধারে আনসার সদস্য পরিচয়ে সড়কে ব্যারিকেড বসিয়ে যানবাহন তল্লাশির নামে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সিলেটে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ভেস্ট ও পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল পয়েন্ট ও সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের মধ্যবর্তী কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজালাল শুভ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে কয়েকজন ব্যক্তি আনসার সদস্য পরিচয়ে সড়কে ব্যারিকেড দিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশির কাজ চালাচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে দুই যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে একটি ওয়াকিটকি সেট, ‘আনসার ভিডিপি’ লেখা জলপাই রঙের বুলেটপ্রুফ ভেস্ট, দুটি চাবিসহ একটি হ্যান্ডকাফ, একটি আনসার ভিডিপির পরিচয়পত্র এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, সিলেট মহানগরের কোতোয়ালি থানার বাগবাড়ি এলাকার মৃত এজাজ আহমেদের ছেলে সাইফ আহমদ রাজ (২০) এবং জালালাবাদ থানার পীরপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে আকসান হাবিব (২২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন ব্যক্তি আনসার সদস্য পরিচয়ে যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছেন। অথচ আইনগতভাবে আনসার সদস্যদের এ ধরনের তল্লাশি চালানোর কোনো এখতিয়ার নেই। তাই তাৎক্ষণিক অভিযান চালিয়ে পালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, তাদের কাছ থেকে আনসার সদস্যদের ব্যবহৃত ভেস্ট, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, পরিচয়পত্র ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে তাদের রিমান্ডের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য