প্রেমিক-প্রেমিকাকে লাঠিপেটা করায় এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে লাঠিপেটার অভিযোগ ওঠার পর চকরিয়া থানার এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় ঘটে যাওয়া ওই ঘটনার পর রাতেই এসআই আরকানুল ইসলামকে চকরিয়া থানা থেকে প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই আরকানুল ইসলামকে তাৎক্ষণিক প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদগাঁও উপজেলার এক তরুণীর সঙ্গে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকার নুরুল আমিনের (২৪) প্রেম ছিল। ওই সম্পর্কের জেরে তরুণীটি নুরুল আমিনের বাড়িতে চলে আসেন। এ ঘটনায় তরুণীর পরিবারের পক্ষে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার (৩০ মে) বিকেলে চকরিয়া থানা পুলিশ ওই তরুণীকে উদ্ধার করতে যায়।
তবে ওই সময় তরুণীটি পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান। পরিস্থিতি জটিল হলে পরে থানার এসআই মো. আরকানুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পরে উদ্ধার কার্যক্রম ব্যর্থ হলে একপর্যায়ে লাঠিপেটার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এ সময় প্রেমিক নুরুল আমিনকে রক্ষা করতে তরুণী চেষ্টা করেন। কিন্তু পুলিশি লাঠিপেটায় নুরুল আমিন অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বলে স্থানীয়রা জানান।
এদিকে, ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং রাতেই ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
(ভিওডি বাংলা/আরআর/বিন্দু)







